সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
আমাদের পৌষ
কমল কৃষ্ণ কোঙার
পৌষের পিঠেপুলি ও হারানো জীবন,
নাড়া দেয় মাঝে মাঝে, সুখদ স্মরণ।
ধানের গাড়ির পিঠে বিভোর দোলন,
হারিয়ে গিয়েছে কবে সেই সব সন।
পাকাধান পড়ে থাকে মাঠ বরাবর,
ধীরপদে গাড়ি চলে পাশে সরোবর।
গাড়োয়ান গাড়ি পিছে, সতর্ক প্রহরা,
গরিব মেয়েটি চলে হাতে নিয়ে ঝোড়া।
গৃহস্থের পরিবারে সাজো সাজো রব,
পৌষের ধানটুকু যে বছরের সব।
শঙ্খ ধ্বনি বেজে ওঠে খামারের পরে,
ধান ঝাড়া হয় সেথা ফলক উপরে।
বধূরা বরণ করে পৌষ ঘরে ঘরে,
এস পৌষ, যেও নাকো, শোনা যায় স্বরে।
ঢেঁকিতে চালের গুঁড়ো, কত আয়োজন,
দুধ পিঠে ভাজা পিঠে কত না রন্ধন।
গ্রামে গ্রামে ঘরে ঘরে লক্ষ্মী আরাধনা,
পৌষের আগমনে যে থাকে না যাতনা।
বুভুক্ষিত মানুষের মুখে হাসি ফোটে,
দুই বেলা এই মাসে মুখে অন্ন জোটে।
পৌষ মাসে আসে ঘরে গোলাভরা ধান,
গৃহস্থ চাষির ঘরে থাকে নাকো টান।
সারা মাস জুড়ে চলে কত না উৎসব,
ছেলে মেয়ে মাঠে মাঠে করে মহোৎসব।
বহুরূপী ঘুরে যায় বাড়ি বাড়ি এসে,
মেলা বসে গ্রামে গ্রামে কত আশেপাশে।
টাটকা সবজি নিয়ে ব্যাপারীরা হাটে,
ঘুড়ি নিয়ে ছেলে মেয়ে দেখা যায় মাঠে।
পৌষ সংক্রান্তিতে চলে পুণ্য গঙ্গা স্নান,
গ্রামের বধূরা বসে গুড় মুড়ি খান।
তারপর সারাদিন পিঠেপুলি বড়া,
নলেন গুড়ের পায়েস, অম্লান ধারা।
আজও বাংলার ঘরে আসে পৌষমাস,
আমাদের সেই পৌষ হারিয়েছে শ্বাস।
মনটা উতলা হয় পৌষ এলে আজ,
আবার আসুক ফিরে সেই পৌষ রাজ।
0 comments:
Post a Comment